দুর্নীতি করলে ছাড় নয়: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময়ঃ ০৯:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মো. ময়নুল ইসলাম বাহিনীর বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।




















