আলোকিত নরসিংদীর উদ্যোগে পথ শিশুর মাঝে ঈদের নতুন জামা উপহার
- আপডেট সময়ঃ ১০:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী-এর উদ্যোগে নরসিংদী পৌরপার্কে প্রায় শতাধিক পথশিশুর মাঝে এই জামা বিতরণ করা হয়।সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি হরধর দাস, নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক হাসানাত বিন রাসেল, চিত্রশিল্পী স্বপন কুমার দাস, নরসিংদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান মনির এবং চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তারা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।এরপরে অতিথিরা প্রায় শতাধিক পথশিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেন। নতুন জামা পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, ছাত্রজীবন থেকেই তিনি অসহায় ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করছেন।
তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুই দিন ভ্রাম্যমাণ স্কুল পরিচালনা করা হয়। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উপলক্ষে তাদের উন্নত খাবারও দেওয়া হয়।তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে নতুন জামা বিতরণের মাধ্যমে পথশিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।























