গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ভারতে বাংলাদেশ দল পাঠানো হয়নি: আসিফ আকবর
- আপডেট সময়ঃ ০৫:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পড়া হয়েছে
নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতের পরিবর্তে শ্রীলংকায় ভেন্যু সরিয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে তাতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয় আইসিসি। বিষয়টি নিয়ে ঘরে বাইরে নানা আলোচনা সমালোচনা শুরু হলে বিসিবির বর্তমান পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তিনি বলেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখানে সরকারের নিজস্ব কিছু প্রশ্ন ছিল। আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক কিংবা সংশ্লিষ্ট টেকনিক্যাল লোকজন যারা যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বিবেচনায় রেখেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এটি সরকারের সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার মূল কারণ নিরাপত্তার হুমকি। সরকারের সঙ্গে যখন সরকারের আলোচনা হয়, তখন সবার আগে নিরাপত্তার বিষয়টি দেখা হয়। ক্যাবিনেটে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তার কারণে ঝুঁকি না নেওয়ার। সেখানে অনেক কিছু ঘটতে পারে। আইসিসি একটি সংস্থা, বিসিবিও একটি সংস্থা। কিন্তু তারা রাষ্ট্র নয়। একটি রাষ্ট্র যখন নিরাপত্তা নিয়ে কথা বলে, তখন সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়।
আসিফ আকবর জানান, সরকারের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার পর তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া ও আইন এই চার মন্ত্রণালয় একসঙ্গে মন্ত্রিসভায় বসে বিষয়টি পর্যালোচনা করে। সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ এই ঝুঁকি নেবে না।
নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, খেলাধুলার বাইরে মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকলে সেখানে কোনো ধরনের আপস করা যায় না।

















