চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২
- আপডেট সময়ঃ ১১:২০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বাড়ির মালিক মো. আব্দুল কালাম (৪৫)। তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পলাতক আব্দুল কালাম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল কালামের আধা-পাকা বাড়িতেই অবৈধভাবে ককটেল তৈরির কাজ চলছিল। বিস্ফোরণে ঘরটি লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর থেকেই বাড়ির মালিক গা ঢাকা দিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত এবং কেন এসব বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
পুলিশ আরও জানায়, বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পলাতক আব্দুল কালামের অবস্থান শনাক্তে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে। পুরো এলাকাটি এখন পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পর থেকেই বাড়ির মালিক আব্দুল কালাম লাপাত্তা। আমরা তাকে হন্যে হয়ে খুঁজছি। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এশিয়া পোস্টকে বলেন, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। মনে হয়েছিল, যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড়ে কালামের বাড়ির দিকে গিয়ে দেখি পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার। ঘরটির ওপরের কোনো টিন নেই, ভেতরের সবকিছু দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে, আমরা প্রথমে কাছে যেতেও ভয় পাচ্ছিলাম।



















