বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
- আপডেট সময়ঃ ১০:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলটির নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন।
তিনি আরও বলেন, এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস অভিনন্দন জানিয়েছেন।
এদিকে শুক্রবার গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপি ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, গণঅধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি, গণসংহতি আন্দোলন একটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্ট হওয়া ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।
গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।






















