বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ
- আপডেট সময়ঃ ১০:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে দাদির এবং বাড়ির পেছনের একটি সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁ’র মা সুফিয়া খাতুন (৬৫) ও তার মেয়ে জামিলা আক্তার (১৫)। তারা দুজনই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামিলা আক্তারের বাবা জয়নাল খাঁ চাকরি সূত্রে ঢাকায় অবস্থান করতেন। বাড়িতে দাদি সুফিয়া খাতুন ও নাতনি জামিলা আক্তার একসঙ্গে থাকতেন। শুক্রবার রাতের কোনো এক সময় ঐ বাড়ি থেকে হঠাৎ কান্নার আওয়াজ শোনা গেলে এলাকাবাসী সেখানে ছুটে আসেন। কিছু সময় পর কান্নার শব্দ থেমে গেলে স্থানীয়রা ফিরে যান।
শনিবার সকালে বাড়ির উঠান থেকে দাদি সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দাদির মরদেহ উদ্ধার করে। এরপর নাতনিকে খুঁজতে গিয়ে বাড়ির পেছনের একটি সরিষা ক্ষেত থেকে জামিলা আক্তারের বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হতে পারে। পরে নাতনিকে ধর্ষণ করে মরদেহ সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।











