জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ।
রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মৃত্যুকালে অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৮ সালে সেখান থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা।