সাবেক চেয়ারম্যানকে চড়-থাপ্পড় মারা সেই যুবদল নেতা বহিষ্কার
- আপডেট সময়ঃ ০২:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
আট বছর আগের চড়-থাপ্পড়ের বদলা নেওয়া নাটোরের সিংড়ায় শামীম হোসেন নামের সেই যুবদল নেতা বহিষ্কার হয়েছেন।
তিনি সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃংখলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি আচরণের কারণে যুবদল নেতা শামীম হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ইতোমধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কার নেতাদের কোনো ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে আট বছর আগের চড়-থাপ্পড় ফিরিয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেন যুবদল নেতা শামীম হোসেন।
এদিকে বহিষ্কারের পর যুবদল নেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। চড়াই উৎরাই পারি দিয়েই নেতৃত্ব দিতে হয়। বহিষ্কার তো অনেকেই হয়েছে, কারণ শুধু আলাদা আলাদা।























