রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ দুপুরে বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিবর্গের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার ও মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতীব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল, খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন ও কারাগারে দুঃসহ বন্দি জীবনের বেদনার স্মৃতি স্মরণ করেন।
তিনি বলেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি। ফ্যাসিবাদী দুঃশাসন আর যেন ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও আলেমদের খুব সম্মান করতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ থেকে সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেন। এ ছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্ত করেন।
রাষ্ট্রপতি নিজেকে এখন ‘সম্পূর্ণ অরাজনৈতিক মানুষ’ উল্লেখ করে বলেন, তবে ইসলামি মূল্যবোধ ও শরীয়ায় আঘাত আসে এমন কোনো কাজ যাতে কেউ না করে তা তিনি লক্ষ্য রাখবেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশগুলোর সঙ্গে ব্যাবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সেসব দেশ থেকে বিনিয়োগ ও অনুদান আনতে দেশের আলেম সমাজের আরবি ভাষাজ্ঞান, যোগাযোগ পারদর্শিতা ও ব্যক্তিগত সংযোগ কাজে লাগানোর অনুরোধ করেন।
রাষ্ট্রপতি এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে অব্যাহত যোগাযোগের পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা ও ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সফরের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলো সফরের ও হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।