দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।
এর আগে মঙ্গলবার এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ১০ জন করে মারা যান।