ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে নিম্নতম মজুরি বোর্ড। তবে নতুন কাঠামো অনুযায়ী বাড়তি বেতন শ্রমিকেরা পাবেন আগামী জানুয়ারি থেকে।
আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাবেন শ্রমিকেরা।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
প্রাথমিকভাবে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে এ আন্দোলন গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও রাজধানীর মিরপুরে ছড়িয়ে পড়ে। বুধবারও এসব এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।