আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমানোর লক্ষ্যে আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ ১১ ধরনের নিত্যপণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট-উভয় ব্যবস্থার আওতায় পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা প্রযোজ্য হবে। এসব পণ্য আমদানির ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকেরা। অর্থাৎ, পণ্য দেশে আনার পর নির্ধারিত সময়ের মধ্যে আমদানির মূল্য পরিশোধ করা যাবে। এ জন্য সাপ্লায়ার্স ক্রেডিট কিংবা বায়ার্স ক্রেডিটের ব্যবস্থাও রাখা হয়েছে।
সাপ্লায়ার্স ক্রেডিট ব্যবস্থায় বিদেশি সরবরাহকারী নির্দিষ্ট সময়ের জন্য আমদানিকারককে বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত মেয়াদের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।
ব্যবসায়ীদের জন্য এ সুবিধা আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কমাতে সহায়ক হতে পারে। কারণ, পণ্য আমদানির পুরো অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করেও তা দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হবে। এতে রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ কার্যক্রম সচল রাখা সহজ হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে, নতুন এ নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।