২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা ও টেকসই অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে।’ আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পাশাপাশি সেখান থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ করাও সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থায়নের নতুন উৎস হিসেবে সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের বিষয়টি বিবেচনা করছে। তাঁর ভাষায়, সরকারের ঋণ গ্রহণের সাফল্য নির্ধারণে ঋণের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেই অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা কার্যকর ভূমিকা রাখছে।
১৫ ও ১৬ নভেম্বর আয়োজিত এ সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’।
অর্থায়নের ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে টেকসই উপায়ে ঋণ গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা করতে সম্মেলনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এ ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধি এবং এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারাও সম্মেলনে যোগ দিয়েছেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ সামাজিক খাত কর্মকর্তা এস এম এবাদুর রহমান।