দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এসএমই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আগামীকাল রোববার থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন বাজার সৃষ্টি এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের অনন্য সুযোগ। এ আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘সবার আগে বাংলাদেশ—সবার জন্য বাংলাদেশ’ অঙ্গীকারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, স্থানীয় সম্পদ, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। এর মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সুষম উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।
বাণীর শেষাংশে ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি মেলার সার্বিক সাফল্য কামনা করেন।