সংবিধান সংশোধনে কমিটি, বিরোধীদলের কাছে ৫ নাম আহ্বান
- আপডেট সময়ঃ ০৬:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে ১২ সদস্য নির্ধারণ করেছে সরকারি দল। বিরোধীদল থেকে আরও পাঁচ সদস্য দেয়ার আহ্বান করলেও আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে বিরোধীদল। আজ (বুধবার, ২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরে এ কথা জানান আইনমন্ত্রী।
তিনি জানান, এখন পর্যন্ত যে সাংবিধানিক চর্চা চলে আসছে, সেটিই এখানে অনুসরণ করতে চান তারা। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেছেন, যা সংবিধান সংশোধন সম্পর্কিত হবে।
আইনমন্ত্রী জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ‘বিরোধীদলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে।’
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারকে ধন্যবাদ জানিয়ে জানান, তাদের দল ‘সংস্কার’ চায়, কিন্তু এখানে ‘সংশোধন’-এর প্রস্তাব এসেছে এ জায়গায় আগেও মতপার্থক্য ছিল, এখনও রয়েছে।
তারা বিষয়টি নিয়ে আলোচনা করে পরে মতামত জানাবেন বলে জানান তিনি।
জবাবে আইনমন্ত্রী জানান, বিরোধীদলের অবস্থানে তাদের কোনো আপত্তি নেই। তারা অপেক্ষা করতে প্রস্তুত এবং ‘জুলাই সনদ’ এর আলোকে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবেন।



















