আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান
- আপডেট সময়ঃ ০৩:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
যুগান্তর মাল্টিমিডিয়ার যোবায়ের আহসান জাবেরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে থাকা সাবেক মন্ত্রী-এমপি ও নেতারা দেশে ফিরে এসে জনগণের কাছে ভোট চাইলে পরিস্থিতি কী হয়, সেটিই এখন দেখার বিষয়।
তিনি বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে যে মহামানবরা আছেন, যাদের নাম শুনি—তারা শুধু এসে একটা জায়গায় বা শহীদ মিনারে দাঁড়িয়ে বলুক, আমি নেতা, আমি আবার এসে পড়েছি। দেখেন না কী হয়। তাদের কি এই সাহস আছে?’
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার এমন কোনো বড় নেতা আছেন, যাদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন, যাদের দিয়ে দেশ চালিয়েছেন—তার সেই মন্ত্রী-এমপিরা দেশে এসে আবার বলবেন, এই আমাদের ভোট দেন, আমরা আপনাদের জন্য কাজ করেছি। মানুষ তখন কী করবে?’
শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, ‘বিদেশে শেখ হাসিনা চলে গেছে, দেশে এলেই শেখ হাসিনা ক্ষমতায় চলে যাবে—এমন তো না।’
আওয়ামী লীগ কবে আবার ক্ষমতায় ফিরতে পারে—এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’
এর ব্যাখ্যায় ফজলুর রহমান বলেন, ‘৭৫-এর পর তো আওয়ামী লীগ দেশেই ছিল, দেশে থাকতেই তো ২১ বছর লেগেছে। আমি বলছি, এবার ৬৩ বছর লাগবে তাদের ক্ষমতায় ফিরতে।’
তবে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকার কারণে দলটির নাম এখনো আলোচনায় আসে বলেও মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আছে বলেই এখনো ভাষা ভাষা আওয়ামী লীগের নামটা আসে। কারণ আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং পরে যিনি আওয়ামী লীগের মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের নামটা আসলে দুইটা লোকের নাম আসে।’
সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনা ও দলটির সাবেক নেতাদের দেশে ফেরার সম্ভাবনা এবং জনগণের প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ফজলুর রহমান।









