তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
- আপডেট সময়ঃ ১১:৫৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবর্তায় এসব তথ্য জানানো হয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। বন্যার পানি প্রবেশের আগেই হাওর অঞ্চলে ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে।
আবহাওয়া অধিপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


















