ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- আপডেট সময়ঃ ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে ব্যাংকটির সাধারণ গ্রাহকদের আন্দোলনের মুখে আজ নির্ধারিত পরিচালনা পর্ষদের (বোর্ড) সভাটি অনুষ্ঠিত হতে পারেনি। এছাড়া চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানেরও আজই পদত্যাগ করার বিষয়ে জোর আলোচনা ছিল।
এর আগে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বিভিন্ন অভিযোগের মুখে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে, গত বছরের ১৭ জুলাই তিনি পদত্যাগে বাধ্য হন। তাঁর বিদায়ের পরই জুবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।City & Local Guides
তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অধ্যাপক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ড. জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জুমস) প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর।























