হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯
- আপডেট সময়ঃ ০৫:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনসহ গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এ ধরনের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২১ জন। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৫২০ জন।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।





















