যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ফের হামলা চালালো ইসরায়েল, নিহত ৫
- আপডেট সময়ঃ ০২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, শনিবার ভোর থেকে নাবাতিয়েহ এলাকায় একাধিক স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। একই সময়ে ইসরায়েলি আর্টিলারি নাবাতিয়েহ ও এর আশপাশের এলাকায় গোলাবর্ষণ করে।
এর আগে শুক্রবার ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুইটি সূত্রও রয়টার্সকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনায় আবারও উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে।



















