পদত্যাগ করলেন মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল
- আপডেট সময়ঃ ১১:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রিসকলের পদত্যাগের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। সেনাবাহিনীর আধুনিকায়ন, প্রস্তুতি ও নেতৃত্ব নিয়ে হেগসেথের সঙ্গে তার মতবিরোধ ছিল। পদত্যাগপত্রে ড্রিসকল সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে প্রশাসনের কাছে উদ্বেগের কথাও জানিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
একজন সেনা কর্মকর্তা জানান, ড্রিসকল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার পর পদত্যাগপত্র জমা দেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কবে দায়িত্ব ছাড়বেন, তা এখনো স্পষ্ট নয়।
সিএনএন জানিয়েছে, ড্রিসকল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। দুজনই ইয়েল আইন বিদ্যালয়ের সহপাঠী ছিলেন। ড্রিসকলের সঙ্গে হেগসেথের টানাপোড়েনের অন্যতম কারণ ছিল হোয়াইট হাউসের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এর আগে হেগসেথ সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেন। জর্জের সঙ্গে ড্রিসকল ঘনিষ্ঠভাবে কাজ করতেন। পরে কংগ্রেসে জেনারেল জর্জের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ড্রিসকল।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি অবশ্য ড্রিসকলের প্রশংসা করে বলেছেন, তিনি ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রেখেছেন। সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেন আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
ড্রিসকলের পদত্যাগের মধ্য দিয়ে হেগসেথের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তার স্থলাভিষিক্ত হিসেবে আপাতত সেনাবাহিনীর উপসচিব মাইক ওবাদাল দায়িত্ব নিতে পারেন।
সূত্র: সিএনএন















