ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময়ঃ ০৫:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৩ইউএম ফাইটার জেটের ওপর উঠে পড়েছে এক শিক্ষার্থী। আর ক্যাম্পাসে স্থাপিত একটি সামরিক ট্যাংকের ওপর আরও ১০ জন। ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরে অবস্থিত লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ) ক্যাম্পাসে দেখা যাচ্ছে এমনই চাঞ্চল্যকর দৃশ্য। সেখানে শত শত শিক্ষার্থীর তীব্র বিক্ষোভে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি। খবর এনডিটিভির।
ক্যাম্পাসে এক বহিরাগত কর্তৃক এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর রোববার ভোরে ফাগওয়ারায় অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উন্মোচনে তদন্ত চলছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব খবরের কোনও সত্যতা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছেন। অন্য কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে জানালার কাঁচ ও ফুলের টব ভাঙচুর করা হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের কিছু অংশ এবং আসবাবপত্রে আগুন জ্বলতে দেখা গেছে। ক্যাম্পাসের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’
পুলিশের বক্তব্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের কাছ থেকে এই অশান্তির সূত্রপাত হয়। শিক্ষার্থীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর হোস্টেলে থাকা এক ছাত্রী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় কোনও প্লাম্বার বা নির্মাণ শ্রমিক জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা। হোস্টেল ওয়ার্ডেনকে বিষয়টি জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তোলেন তারা।
কাপুরথলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) গৌরব তোরা বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারি এটি একটি গুজবকে কেন্দ্র করে ঘটেছে। গুজবের কারণেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিল। এলপিইউ প্রশাসনের ওপর অসন্তুষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁদের বক্তব্য শুনেছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
পরবর্তীতে জলন্ধর রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) নবীন সিঙ্গলা জানান, সংশ্লিষ্ট ছাত্রীর জবানবন্দি গ্রহণ এবং একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তথ্য ও তার বক্তব্য পেয়েছি এবং মামলা নথিভুক্ত করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে একপর্যায়ে বিক্ষোভকারীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জলন্ধর রেঞ্জের সমস্ত পুলিশ বাহিনীকে তলব করা হয় বলে জানান সিঙ্গলা।






















