তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- আপডেট সময়ঃ ০৯:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক ছেড়ে দেবী দুর্গা ফিরে গেছেন স্বর্গলোকের কৈলাসে স্বামীালয়ে। ‘আসছে বছর আবার হবে’—এই আকুল ব্যাকুলতা ও প্রার্থনায় অশ্রুসিক্ত নয়নে ভক্তরা তাঁকে বিদায় জানান।
বুধবার দুপুর থেকেই তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দুর্গার বিসর্জন পর্ব শুরু হয়। দর্পণ বিসর্জনের পর ভক্ত ও পূজারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। এরপর ঢাক-ঢোল ও কাঁসরের তালে তালে নেচে-গেয়ে ভক্তিভরে দেবী দুর্গাকে শোভাযাত্রা সহকারে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
সনাতন পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল ‘ঘোড়ায়’ চড়ে এবং তিনি মর্ত্যলোক থেকে বিদায় নিলেন ‘নৌকা’য় চড়ে।
তাড়াশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র ঘোষ জানান, “প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার ৪৯টি মণ্ডপের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিসর্জন চলাকালে সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরাও অত্যন্ত তৎপর ছিলেন।”
উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি ও সব স্তরের মানুষের সম্প্রীতিময় অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাড়াশে দুর্গাপূজার বিসর্জন পর্ব সম্পন্ন হয়।

























