ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের যেসব নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময়ঃ ০১:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
মশক নিধন, বনায়ন ও নগর পরিচ্ছন্নতা জোরদারে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান ডিএসসিসির নতুন প্রশাসক।
আবদুস সালাম বলেন, ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার কার্যত অকার্যকর ছিল। সবকিছু দলীয়করণ করা হয়েছিল এবং প্রকৃত নির্বাচন হয়নি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দখলভিত্তিক ছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, জনগণের প্রাপ্য সেবাগুলো নিশ্চিত না করে একটি দলকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে। সেই লক্ষ্যেই সিটি করপোরেশনগুলোতে নতুন প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক জানান, জনগণের ভোগান্তি ও দাবিগুলো সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং সম্ভব হলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হবে। যেসব সমস্যা স্থানীয়ভাবে সমাধান সম্ভব নয়, সেগুলো সরকারের কাছে তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা নেয়া হবে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়। প্রধানমন্ত্রী কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তিনি বলেন, জনগণের বঞ্চিত অধিকার দ্রুত নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা, নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বনায়ন কার্যক্রম বাড়ানো এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে ডিএসসিসি কাজ শুরু করবে।



















