বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া রিট খারিজ
- আপডেট সময়ঃ ০৫:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ৭ এপ্রিল সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার ( ১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল রিটে।
সাত আইনজীবী ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
আদালতে বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।
রিটে যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে রিটে।
আবেদনকারীদের মধ্যে একজন আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানান, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে, যেমন কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
এ সত্ত্বেও আইনের ওই বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়। যে কারণে রিটটি করা হয়েছে।
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।
গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে।
কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।




















