পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১৩ জেলায় কাজ করছে সিজিইডি
- আপডেট সময়ঃ ০৪:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দেশব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ করছে সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)। এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন করছে সংগঠনটি। এর মাধ্যমে বৃক্ষরোপণ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, দূষণ প্রতিরোধ এবং পরিবেশবিষয়ক জনসচেতনতা তৈরিতে কাজ করা হচ্ছে।
২০০৫ সালে সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত হয় সিজিইডি। প্রতিষ্ঠার পর থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা ভিত্তিক নয় সদস্যের স্বেচ্ছাসেবী দল গঠন করা হচ্ছে।
সিজিইডির কার্যক্রমের আওতায় রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম ও ভোলা জেলা। এসব এলাকায় স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন স্বেচ্ছাসেবীরা।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর লালমনিরহাট এবং ৩০ অক্টোবর নীলফামারী জেলায় নতুন দুটি নয় সদস্যের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন করা হয়েছে। দল গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজিইডির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব।
অনুষ্ঠানে নবগঠিত দলগুলোর দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে আলোচনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনায় অংশ নেওয়া সদস্যরা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। তাঁরা জানান, নিজ নিজ এলাকায় পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়াতে উদ্যোগ নেবেন।
সিজিইডির তথ্য অনুযায়ী, চলতি বছর সংগঠনটির জেলা পর্যায়ের দলগুলোর মাধ্যমে প্রায় এক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পোস্টার প্রচারের মাধ্যমেও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
সংগঠনটির কার্যক্রম শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, বৃক্ষরাজি ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং শব্দ ও বায়ুদূষণ প্রতিরোধেও কাজ করছে সিজিইডি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগও রয়েছে তাদের।
এ ছাড়া দেশের নদ-নদী ও আন্তসীমান্ত নদীর পানিবণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরছে সংগঠনটি। নদীদূষণ ও নদীভাঙনের সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা, মতবিনিময় ও যৌথ সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিজিইডি জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী দিনগুলোতে বিভিন্ন জেলায় নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণ, দূষণ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের সংগঠিত করার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি কার্যক্রমের একটি কাঠামো গড়ে তুলতে চায় সিজিইডি। সংগঠনটির লক্ষ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে আরও বিস্তৃত করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া।










