ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান, চুক্তি ২০৩০ পর্যন্ত
- আপডেট সময়ঃ ০৪:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। জিনেদিন জিদানকে আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।
দিদিয়ের দেশ্যমের দীর্ঘ ১৪ বছরের যুগের অবসান হয় স্পেনের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল হারের পর। সাবেক সতীর্থের স্থলাভিষিক্ত হলেন জিদান। জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।
বিশ্বকাপেরও অনেক আগে থেকে গণমাধ্যমে চাউর হয়েছিল ২০২৬ বিশ্বকাপের পর দেশ্যমের মেয়াদ শেষ হলে ফ্রান্সের কোচের দায়িত্ব নেমেবন জিদান।
দেশ্যমের অধীনে ফ্রান্স তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। ২০১৮ সালে তার হাত ধরেই দ্বিতীয়বারের বিশ্বকাপ জেতে ফ্রান্স।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার টানা চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে কোচ হিসেবে কিংবদন্তিদের কাতানে নিয়ে গেছেন নিজেকে। এবার তার শুরু হলো নতুন চ্যালেঞ্জ। ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি ২০২১ সালে রিয়াল ছাড়ার পর থেকে কোচিংয়ে ছিলেন না।
নিয়োগ পাওয়ার পর জিদান বলেছেন, “ফরাসি জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দ এবং গর্বের বিষয়। একইসঙ্গে এটি একটি বড় দায়িত্বও। আমি ফেডারেশনের আস্থা এবং দেশ্যমের দীর্ঘ সেবাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমার লক্ষ্য অনেক বড়।”
ফেডারেশন সভাপতি ফিলিপ দিয়ালো জিদানকে “ফরাসি ফুটবলের কিংবদন্তি” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “এটি লে ব্লুর ইতিহাসের এক কিংবদন্তি ও সম্ভাবনাময় এক দলের ঐতিহাসিক মুহূর্ত।”
জিদানের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগে।






















