জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দাবি
- আপডেট সময়ঃ ০৬:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রথম দাবি: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দ্বিতীয় দাবি: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ-ত্রাণ
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা কমাতে জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। এ ক্ষেত্রে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
তৃতীয় দাবি: পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার
উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিবেশবান্ধব ও জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব দেশে আধুনিক প্রযুক্তি হস্তান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় সহযোগিতা করার দাবি জানান তিনি।
চতুর্থ দাবি: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তা
সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। উন্নয়নশীল দেশগুলো যাতে অর্থনৈতিক সক্ষমতা বজায় রেখে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরিত হতে পারে, সে জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
পঞ্চম দাবি: বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণ
কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মূল ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার কথা বলেন তিনি।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব উদ্যোগে কাজ করছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক নির্গমন কমিয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নাগালের মধ্যে রাখতে হবে।
কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।



















