জিয়াউলের ঔদ্ধত্য আর সহ্য করা হবে না: চিফ প্রসিকিউটর
- আপডেট সময়ঃ ০৪:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং প্রতিটি জেলায় আওয়ামী ফ্যাসিস্টদের গুম, খুন, অপহরণসহ সব মানবতাবিরোধী অপরাধের তথ্য ও সাক্ষ্য সংগ্রহে গণশুনানির আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শাপলা চত্বর মামলার চার্জ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, জেলায় জেলায় আওয়ামী ফ্যাসিস্টদের গুম, অপহরণ, ক্রসফায়ার, জুলাই আন্দোলনসহ সব মানবতাবিরোধী অপরাধের গণশুনানির আয়োজন করা হবে।
তিনি বলেন, প্রয়োজনে অন স্পট গ্রেপ্তারও করা হবে। পরে তাদের ট্রাইব্যুনালে বিচার করা হবে। সরকারের কাছে এই বিষয়ে লজিস্টিক সাপোর্ট চাইব, যোগ করেন চিফ প্রসিকিউটর।
এদিকে জিয়াউল আহসানের শুনানি শুরুতে দেরির কারণ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান জেল থেকে আসতে অস্বীকৃতি জানান। জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। আজকে তার কারণে শুনানি শুরু হতে দেরি হয়েছে।
তিনি বলেন, সব আসামির সঙ্গে একত্রে আসবে বলে কৌশল অবলম্বন করেন জিয়াউল আহসান এবং আদালতের কাজে বিঘ্ন ঘটান।
তিনি আরও বলেন, জিয়াউল আহসান অন্যান্য আসামিদের সঙ্গে আসতে চাইলেই হবে না। কোর্ট যেভাবে বলবে তাকে সেভাবেই আসতে হবে। জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে যাওয়া আসার ব্যাপারে বাস্তবায়ন করবে।
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আজ আসামিদের বিরুদ্ধে দুইটি চার্জ আনা হয়েছে। এগুলোকে জেনোসাইড হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই মামলা পরবর্তীতে ডে টু ডে কার্যদিবসে চলমান থাকবে।



















