৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
- আপডেট সময়ঃ ১১:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে

এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশটির সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির সৃষ্টি হলো। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেন হামলার পর দেশটিতে একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং সেবা প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের কারণে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। পাশাপাশি প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।
এ সময় আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এ পরিস্থিতির প্রভাব যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপের ফ্লাইট চলাচলেও পড়ে। সেখান থেকেও কিছু ফ্লাইট বাতিল করা হয়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যদিকে, দেশটির পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে অতিরিক্ত ডেটার চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।






















