হঠাৎ ঢাকায় ব্রাজিলের প্রতিনিধি দল, বৈঠক করবে বাফুফের সঙ্গে
- আপডেট সময়ঃ ১২:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল প্রতিনিধিদল রোববার (২৩ আগস্ট) আকস্মিক সফরে ঢাকা আসছে। ভারতের কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতির অংশ হিসেবে এই প্রতিনিধিদলটি বাংলাদেশে আসছে বলে জানা গেছে। রোববার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে প্রতিনিধিদলটির বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে।
বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুরে ব্রাজিল ফেডারেশনের কয়েকজন প্রতিনিধি ঢাকায় আসছেন। বিকেলে আমরা তাদের জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখাতে নিয়ে যাব।’
ব্রাজিলের এই প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। সম্প্রতি প্রতিনিধিদলটি কলকাতার সল্টলেক স্টেডিয়াম পরিদর্শন করে মাঠের ঘাস ও অবকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকা খেলোয়াড়দের চোটের ঝুঁকির বিষয়টি আলোচনায় এসেছে। এরপরই প্রতিনিধিদলটির হঠাৎ ঢাকা সফরকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন।
তবে বাফুফে এখনই কোনো প্রীতি ম্যাচের বিষয়ে নিশ্চিত করে কিছু বলছে না। ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক বিনিময়ের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই আলোচনার পরই বোঝা যাবে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের কোনো ম্যাচ আয়োজনের সম্ভাবনা আছে কি না।
বাংলাদেশে ব্রাজিলের বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে। এর আগে ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে লিওনেল মেসিরা অংশ নেওয়ায় দেশের ফুটবল ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত হয়েছিল। এখন ব্রাজিলের এই সফর ভক্তদের মনে আবারও বড় কোনো ম্যাচের স্বপ্ন দেখাচ্ছে।






















