খাদ্যগুদামে অনিয়ম-গাফিলতি পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৩:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় কোথাও অনিয়ম কিংবা দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সারা দেশের খাদ্যগুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত খাদ্য মজুত রাখা খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। দুর্যোগ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখতে হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নু স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন।



















