জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে চান আইন উপদেষ্টা
- আপডেট সময়ঃ ০৯:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
‘জুলাই গণহত্যা’র বিচার শুরু করার জন্য পুরাতন হাইকোর্টের ভবনটির যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার সকালে ওই ভবন সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন। যাতে জুলাই গণহত্যার মূল বিচারকাজ শুরু করা সম্ভব হয়। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় গণপূর্তের প্রকৌশলীরা তাদের সঙ্গে ছিলেন। তারা কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব প্রকৌশলীদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে ৫০ এর বেশি অভিযোগ জমা পড়েছে।












