ডিসেম্বরে ‘জানবাজি রেখে’ মাঠে নামার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৯:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে

ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার আশ্বাস, সরকারবিরোধী বিদ্রোহে উসকানি এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পর আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশের দাবি, জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোনের তথ্য এবং প্রাথমিক তদন্তে পাওয়া বার্তায় রাষ্ট্রদ্রোহ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানির উপাদান মিলেছে। বিশেষ করে আগামী ডিসেম্বরে আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের ‘জানবাজি রেখে’ মাঠে নামার বার্তা দেওয়ার তথ্য সামনে এসেছে। তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
গত শনিবার (১৪ নভেম্বর) রাতে আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়। মামলা দায়েরের পর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল নগরের হালিশহরে আরআরএফ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেফতার করে। মামলার তদন্তভারও পেয়েছে একই ইউনিট।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তসংশ্লিষ্টরা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগের তথ্য পাওয়া গেছে। এর একটি রাষ্ট্রদ্রোহ এবং অন্যটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ।
ডিআইজি বলেন, তদন্তে এমন দুটি বার্তার তথ্য পাওয়া গেছে, যেগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে। একটি বার্তায় বলা হয়েছে, ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, অর্থাৎ আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। অন্য একটি বার্তায় বলা হয়েছে, ডিসেম্বরে সবাই জানবাজি রেখে মাঠে নামবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত রাজনৈতিক পক্ষের নেতাকর্মীদের মাঠে নামার বিষয়ে জাহাংগীর আলম আশ্বস্ত করেছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাননি ডিআইজি। তিনি বলেন, মামলার এজাহারে যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে, সেগুলোর বাইরে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তদন্ত শেষ হলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।
জাহাংগীর আলমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো সদস্য একই ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুরো প্রক্রিয়ায় বাহিনীর আর কেউ যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য পাওয়ার পর গত ১০ নভেম্বর তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে কর্মস্থলে নজরদারিতে রাখা হয়।
জব্দ করা মোবাইল ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়গুলো যাচাই করতে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী একটি তদন্ত কমিটিও গঠন করেন। পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি এবং পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।
রাজনৈতিক অঙ্গনে ডিসেম্বরকে ঘিরে নতুন করে নানা আলোচনা চলার মধ্যে জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার বিষয়টিও এ প্রেক্ষাপটে আলোচনায় এসেছে।
তদন্তসংশ্লিষ্টদের অভিযোগ, এই রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে সরকারবিরোধী তৎপরতা জোরদার এবং রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছিল। তবে এ বিষয়ে কারা কারা জড়িত, কীভাবে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।
জাহাংগীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগে একজন কর্মরত পুলিশ কর্মকর্তার গ্রেফতার এবং তাঁর বিরুদ্ধে বাহিনীর অভ্যন্তরীণ কারও সংশ্লিষ্টতা খতিয়ে দেখার বিষয়টি চট্টগ্রামের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। এখন তদন্তের মূল লক্ষ্য—ডিসেম্বর ঘিরে কথিত পরিকল্পনার প্রকৃত পরিধি, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং অভিযোগের পেছনে থাকা তথ্যপ্রমাণ উদ্ঘাটন করা।























