জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময়ঃ ১১:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রত্যাশা।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য, “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রমের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, এটিই সরকারের প্রত্যাশা।”
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “আজকের এই বর্ণিল প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি ছিল শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের দিকে দৃপ্ত অঙ্গীকারের প্রতিফলন।”
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের রায়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বহু বছর ধরে নিপীড়ন ও বঞ্চনার শিকার মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায় বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে তারেক রহমান বলেন, “এই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনসে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বর্বর হামলায় শত শত পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।”
তিনি পুলিশ সদস্যদের নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদানের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষায়, “বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের মানুষের সঙ্গেও একই ধরনের মানবিক আচরণ প্রত্যাশিত।”
অনুষ্ঠানের শেষে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুলিশ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
পুলিশ সপ্তাহ চলবে বুধবার (১৩ মে) পর্যন্ত।



















