কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৬:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর চাঁদপুর সফরে গিয়ে দেশের প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকতা ও উন্নয়ন ভাবনার নতুন বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন এবং এক বিশাল সমাবেশে যোগ দেন তিনি।
সমাবেশ চলাকালীন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়, যখন প্রধানমন্ত্রী উপস্থিত সাইফুল ইসলাম লিটন নামের এক সাধারণ কৃষককে ডেকে নিজের পাশে বসান এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সুখ-দুঃখের কথা শোনেন।
প্রধানমন্ত্রীর এমন অভূতপূর্ব ও সাধারণ আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে এমন একটি অনন্য সুযোগ করে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর পাশে বসতে পারা এবং নিজের কথা সরাসরি তাকে বলতে পারা আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। খোদ্দ খাল পুনঃখনন ও প্রধানমন্ত্রীর এই সমাবেশকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সকাল থেকেই প্রিয় নেতাকে একনজর দেখতে সমাবেশস্থলে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতকে আরও আধুনিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে রয়েছে, তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। আমাদের লক্ষ্য দেশকে আরও বেশি খাদ্য উদ্বৃত্ত ও সমৃদ্ধ করা, যাতে ভবিষতে খাদ্যের জন্য দেশের কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।
দেশের নারী শিক্ষার প্রসারে একটি যুগান্তকারী ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক (পাস ও অনার্স) পর্যায় পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণায় উপস্থিত জনতা ও নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও করতালির সৃষ্টি হয়।






















