বিএনপিকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৩:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে অনেক সাংবাদিককে মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। কিন্তু বিএনপিকে কিংবা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই; সঠিক তথ্যের ভিত্তিতে সত্য সংবাদ পরিবেশন করুন।
শনিবার দুপুরে যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। এই গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবার অতীতে গণমাধ্যমে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হলেও প্রতিশোধের পথে না গিয়ে সহিষ্ণুতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, সেই নাম যদি আমি বলি, তাহলে সেটিকে রাজনৈতিকভাবে দেখা হতে পারে। তাই প্রশাসনের নিজস্ব তথ্যসূত্র এবং গণমাধ্যমের অনুসন্ধানী দৃষ্টির মাধ্যমে তাদের চিহ্নিত করুন।
তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এবং সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।



















