ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী
- আপডেট সময়ঃ ০৬:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য।
আজ রাজধানীর শিল্পকলা মিলনায়তনে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কৃতি পাঠকদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ একসময় ঐশ্বর্য, প্রাচুর্য ও গৌরবময় ঐতিহ্যের দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল।
তিনি বলেন, আলেকজান্ডার থেকে শুরু করে ইবনে বতুতা পর্যন্ত বহু পর্যটক ও ঐতিহাসিক এই ভূখ-ের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রশংসা করেছেন।
তিনি বলেন, বিভিন্ন ঐতিহাসিক কারণে বাংলাদেশ পিছিয়ে পড়লেও জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশকে পুনরায় এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, সংস্কৃতি, সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।
জুলাই অভ্যুত্থানের তরুণ প্রজন্ম বিশেষ করে ‘জেন-জি’ বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি একটি কাঠামোগত রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছে।
সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশকে নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কাজ করছে। দুর্নীতির মূলোৎপাটন এবং মাদকের বিস্তার রোধ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞানের কোনো বিকল্প নেই। বই পড়ার অভ্যাস একজন মানুষকে আলোকিত করে এবং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে। তরুণ প্রজন্মকেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
দেশের গণগ্রন্থাগারগুলোর উন্নয়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।




















