আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলার বিতর্কে ক্ষুব্ধ স্কালোনি
- আপডেট সময়ঃ ০১:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সাফল্য নিয়ে রেফারি বা আয়োজক কমিটির বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে এমন আলোচনা দীর্ঘদিন ধরেই চললেও এবার বিষয়টি সরাসরি সামনে আসে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে।
কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে? এ প্রশ্নের জবাবে স্কালোনি এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে পারে, আর সেগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এসব গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’
স্কালোনি আরও বলেন, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। তাহলে এসব বিষয় নিয়ে ভাবতেই হবে না।’
আর্জেন্টিনা কোচ স্পষ্টভাবে জানান, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়, বরং মাঠে খেলোয়াড়দের সম্মিলিত পরিশ্রমের ফল। তার মতে, লিওনেল মেসি থেকে শুরু করে দলের সব সদস্য—সবাই সমানভাবে অবদান রাখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি। স্কালোনি বলেন, সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক আছে, তেমনি সেখানে যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়। এরপর আলজেরিয়া ফিফার কাছে অভিযোগ জানালে আর্জেন্টিনাকে ঘিরে ‘বিশেষ সুবিধা’ পাওয়ার আলোচনা আরও জোরালো হয়।
এদিকে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
























