হামে শিশু মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ: ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১১০৭
- আপডেট সময়ঃ ০৪:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
দেশজুড়ে হামের প্রভাব বেড়েই চলছে। প্রতিনিয়ত ঝরছে শিশুদের প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত ঘণ্টায় হামের প্রভাবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০৭ জন।
আজ শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯টি শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৮ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের জটিলতা অনেক বেশি দেখা দিচ্ছে। উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯টি শিশুর প্রাণহানি ঘটল।
এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩৬টি শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।



















