মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
- আপডেট সময়ঃ ০৩:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রাজধানী মালেতে আয়োজিত বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মালেতে রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের প্যারেডে পৌঁছালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম ড. খলিলুর রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সামরিক কসরত প্রদর্শন করা হয়। দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শৃঙ্খলা, জাতীয় ঐতিহ্য এবং দেশপ্রেমের নানা দিক তুলে ধরা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মালদ্বীপের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে বর্ণিল আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে।
সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ঘোষিত ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্ট’-এ অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানী মালের লোনুজিয়ারাই পার্কে তিনি একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।
গাছের চারা রোপণ শেষে ড. খলিলুর রহমান মালদ্বীপের সবুজায়ন কর্মসূচির প্রশংসা করে বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বাংলাদেশের চলমান বনায়ন কর্মসূচির কথাও তুলে ধরেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে। তার মতে, বাংলাদেশ ও মালদ্বীপের এ ধরনের উদ্যোগ পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সৌদি আরবের আরাফাতের ময়দানে বিপুলসংখ্যক নিমগাছ রোপণের বিষয়টিও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ওই গাছগুলো পরবর্তীকালে ‘জিয়া ট্রিজ’ নামে পরিচিতি লাভ করে।
মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সরকারি সফরে মালদ্বীপে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, পরিবেশগত সহযোগিতা এবং পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




















