৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- আপডেট সময়ঃ ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৩৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং-৬, ১৯৭২)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগও বাতিল করা হয়েছে। একই আদেশের ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৭৯ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।




















