রংপুরে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার; লাশ পড়েছিল ছাদে-সিঁড়িতে-ঘরে
- আপডেট সময়ঃ ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
রংপুরে বাইরে থেকে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্তার মরদেহ ছাদে, স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়িতে এবং ছেলের মরদেহ খাটের নিচে পাওয়া গেছে।
নিহতরা হলেন—অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।
রংপুর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, দোতলা বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয়। তিনতলায় ওঠার সিঁড়ি থেকে উদ্ধার করা হয় প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তীর মরদেহ। আর ছাদ থেকে পাওয়া যায় গণপতি চক্রবর্তী জুয়েলের মরদেহ।
ওসি বলেন, ঘটনার পর সিআইডির তদন্ত দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।






















