হুথিদের হামলার শঙ্কার মধ্যে সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের
- আপডেট সময়ঃ ০১:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।
সম্প্রতি মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির পাশে রয়েছে। সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।
বৈঠকে অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা কর্মকর্তা নওমান মাহমুদ প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় সামরিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এর আগে চলতি মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসে।




















