মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- আপডেট সময়ঃ ০৯:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ৬ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। আগামী শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে, যা তাঁর বাবার ঘর।
বুধবার বিকাল থেকে মৌলভীবাজার শহরের মনু নদীতে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা।
দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর ফিরে গেলেন নৌকায় চড়েই। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো দুর্গার প্রতিমা বিসর্জন। নেচে-গেয়ে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন দিয়েছেন ভক্তরা। এর মাধ্যমে এ বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর, ত্রিনয়নী শিববাড়ির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা সর্বমোট ১,০২২টি পূজামণ্ডপ এর মধ্যে ৮৯৮টি সার্বজনীন এবং ১২৪টি ব্যক্তিগত পূজামণ্ডপের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকেরা তৎপর ছিলেন। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















