বিশ্বকাপের সেমিফাইনালে এখনো হারেনি আর্জেন্টিনা
- আপডেট সময়ঃ ০৫:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড এখন পর্যন্ত শতভাগ সফল। শেষ চারে যতবারই খেলেছে, প্রতিবারই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। চলমান ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ পাচ্ছে কোচ লিওনেল স্কালোনির দল। রোববার (১২ জুলাই) কানসাসে অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য যেমন রয়েছে, তেমনি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ডও ধরে রাখতে চাইবে আর্জেন্টিনা।
১৯৩০: যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে হারিয়ে
প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
১৯৮৬: বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ডিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে তারা।
১৯৯০: টাইব্রেকারে ইতালিকে হারিয়ে
স্বাগতিক ইতালির বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক সার্জিও গয়কোচিয়া।
২০১৪: নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে
গোলশূন্য ১২০ মিনিটের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সার্জিও রোমেরোর নৈপুণ্যে ২৪ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠে দলটি।
২০২২: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে
লিওনেল মেসির পারফরম্যান্স এবং জুলিয়ান আলভারেজের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। পরে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।
এবার প্রতিপক্ষ ইংল্যান্ড
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখে দলটি আবারও ফাইনালে উঠতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।



















