শেয়ার কেলেঙ্কারি: সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট
- আপডেট সময়ঃ ০৬:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামলাটির তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলছে। এসব কাজ শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।
দুদক সূত্র জানায়, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কাগজপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যাচাই-বাছাই করা হয়েছে।
মামলায় সাকিব আল হাসান ছাড়া অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।
দুদক জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। চার্জশিট আদালতে দাখিলের পর পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।


















