আবারও পারভেজের ৫ উইকেট শিকার, সিরিজ নিশ্চিত বাংলাদেশের যুবাদের
- আপডেট সময়ঃ ০৫:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেখ পারভেজ জীবনের টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট শিকারের পর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।
ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ১৭৬ রানে অলআউট হয় মালয়েশিয়া।
দলটির হয়ে একাই প্রতিরোধ গড়েন ওপেনার আসলাম খান বিন মালিক। ১০৭ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
সাইফ উল্লাহ মালিক করেন ২৫ রান, আর আজব খানের ব্যাট থেকে আসে ১৭ রান।
মালয়েশিয়ার ইনিংস ছোট রাখতে সবচেয়ে বড় ভূমিকা পারভেজ।
৮ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় ২ মেডেনসহ ৫ উইকেট নেন এই পেসার। আগের ম্যাচেও পাঁচ উইকেট নেওয়া পারভেজ টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন। রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট।
১৭৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় শূন্য রানেই ফিরে যান ওপেনার আদিল বিন সিদ্দিক। ইকবাল হোসেন ২৬ রান করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ কাটিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিন। দুজনের জুটিতে জয়ের পথ সহজ হয়ে আসে। মাত্র ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন দেবাশিষ। অন্যদিকে আহরার ছিলেন আরও স্থির। ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ফেলে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে বিজয় উন্নি ও প্রশান্ত মধুকর দুটি করে উইকেট নেন। সাঈদ আজিজ, আরিফ উল্লাহ ও বিশ্বরুবেন পান একটি করে উইকেট।
দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় পাওয়ায় সিরিজ এখন বাংলাদেশের দখলে।



















