বাংলাদেশে খেলতে বাফুফেকে কয়েকটি শর্ত দিয়েছে ব্রাজিল
- আপডেট সময়ঃ ০১:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ব্রাজিল। তবে এখানে থাকছে কিছু শর্ত।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বহন করতে হবে বাংলাদেশকে। তবে ব্রাজিলকে ম্যাচ ফি দিতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে এ ম্যাচ আয়োজনে ব্যয় কত দাঁড়াবে, সেটিও এখনো চূড়ান্ত নয়।
ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ঢাকায় আসতে পারে তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।
এরইমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে ঘুরে দেখেছেন জাতীয় স্টেডিয়াম। মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখার পাশাপাশি রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। তাতেই বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।



















