সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির
- আপডেট সময়ঃ ১১:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।
গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় অভিযোগ দেন। অভিযোগে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন সালাহউদ্দিন।
পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।



















